প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

সড়কে সেই অর্থে চাঁদাবাজি নেই, পরিবহন ফেডারেশনগুলো তাদের কল্যাণে টাকা তুলে

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭:৩৯

ফাইল ছবি

নৌ, সড়ক ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে সেই অর্থে চাঁদাবাজি নাই। তবে পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশনগুলো তাদের কল্যাণে টাকা তুলে থাকে। সেই চাঁদা কতটা তাদের কল্যাণে ব্যয় হয়, সেই প্রশ্ন থাকতে পারে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন অন্যতম প্রধান অগ্রাধিকার। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে দ্রুত কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, ঈদের ছুটি দীর্ঘ হলে সাধারণ মানুষের বাড়ি ফেরা অনেক বেশি স্বস্তিদায়ক হয়।

দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস (ঢাকা-কলকাতা) পুনরায় চালুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশের সার্বিক স্বার্থ বিবেচনা করে আগামী ১৫ দিনের মধ্যে মৈত্রী ট্রেন পুনরায় চালু হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একই দিন নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহ দ্রুততার সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা সহ্য করা হবে না। কোনো আইনি জটিলতা বা সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো প্রকল্পে কাজ বিলম্বে সম্পন্ন হলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে। জনগণের অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের গুণগতমান অবশ্যই মানসম্মত হতে হবে।

দেশের অর্থনীতিতে নৌপরিবহন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, নৌখাতে দৃষ্টান্তমূলক ও যুগোপযোগী পরিবর্তন আনার মাধ্যমে যাত্রীদের নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের সব কার্যক্রম দেশ ও জনগণের স্বার্থে পরিচালিত হবে। আমরা কর্তৃত্ববাদী রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চাই না; প্রকৃত অর্থেই জনগণের সেবক হতে চাই। জনগণের স্বার্থ রক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য।

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করে মন্ত্রী আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় গত ঈদের ন্যায় এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য