বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ণ

শত্রু ভেবে নিজেদের সেনাকে গুলি করে মারল ইসরায়েলি বাহিনী

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৯:৩৪

এবার ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে অভিযানের সময় ভুলবশত নিজ বাহিনীর গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও চলমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। খবর আনাদোলু

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্যারাট্রুপারস রিকনাইস্যান্স ইউনিটের এক সদস্য খান ইউনিসে নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে ঘটনার বিস্তারিত জানানো হয়নি। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানায়, ওই সেনা ভুলবশত ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। ঘটনাটি তদন্তে সেনাবাহিনী অনুসন্ধান শুরু করেছে। ইসরায়েলি সামরিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৯২৫ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে উপত্যকায় স্থল অভিযানে প্রাণ হারিয়েছেন ৪৭১ জন।

গত বছরের ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের দুই বছরের আগ্রাসনে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গোলাবর্ষণ ও গুলির মাধ্যমে ইসরায়েলি বাহিনী শত শতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে যুদ্ধবিরতির মধ্যেই ৬০৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ১ হাজার ৬১৮ জন আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ওফ্রি ইয়াফে। ২১ বছর বয়সী এই সেনা প্যারাট্রুপারস ব্রিগেডের রিকনাইস্যান্স ইউনিটের সদস্য ছিলেন। তার বাড়ি জেজরিয়েল উপত্যকার হায়োগেভ মোশাভে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, খান ইউনিস এলাকার ইয়েলো লাইনের কাছে হামাসের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে প্যারাট্রুপারস ব্রিগেডের দুটি ইউনিট নিয়মিত তল্লাশি অভিযানে বের হয়। রাত প্রায় ২টার দিকে সেনাবাহিনীর একটি ইউনিট ভুল করে অপর ইউনিটকে শত্রু ভেবে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ওফ্রি ইয়াফে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়ার জন্য হেলিকপ্টার পাঠানো হয়। তবে তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা চলাকালেই তিনি মারা যান বলে সামরিক বাহিনী জানিয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD