রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি, মানতে হবে যেসব নির্দেশনা
ফাইল ছবি
পবিত্র রমজান মাস ও সরকারি অফিসের নতুন কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজধানীর মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, রমজানের প্রথম দিন থেকে শুরু হওয়া এই সময়সূচি ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত বলবৎ থাকবে।
ডিএমটিসিএলের নির্দেশনায় বলা হয়েছে, কর্মদিবসগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তর অভিমুখে প্রথম ট্রেন সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা করবে।
যাত্রীচাপ বিবেচনায় ট্রেনের মধ্যবর্তী সময় বা ‘হেডওয়ে’ ৫ থেকে ২০ মিনিটের মধ্যে নির্ধারণ করা হয়েছে। তবে অফিস সময়ের ব্যস্ততম সময়ে প্রতি সাড়ে ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন চলাচল করবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
রমজানে ইফতারের সময় বিবেচনায় নিয়ে বিধিনিষেধে কিছুটা শিথিলতা এনেছে ডিএমটিসিএল। এখন থেকে যাত্রীরা মেট্রোরেল স্টেশন বা ট্রেনের ভেতরে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে সতর্ক করা হয়েছে যেন মেঝেতে পানি না পড়ে এবং খালি বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলা হয়। পানি ছাড়া অন্য কোনো ধরনের খাবার গ্রহণের ওপর আগের নিষেধাজ্ঞা বহাল থাকছে।
উল্লেখ্য, নতুন এই সময়সূচি কেবল কর্মদিবসের জন্য প্রযোজ্য হবে। সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটির দিনে ট্রেন চলাচলের ক্ষেত্রে আগের নিয়মিত সময়সূচিই অনুসরণ করা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য