শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে কোনো অজুহাতেই পূর্ববর্তী শ্রেণিতে সফলভাবে উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে নতুন করে ভর্তি ফি বা পুনঃভর্তি ফি গ্রহণ করা যাবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নীতিমালা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর থেকে অতিরিক্ত আর্থিক বোঝা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের নতুন নীতিমালায় বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করতে পারবে না। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) ক্ষেত্রে ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত মাসিক বেতন বা টিউশন ফি গ্রহণ করার সুযোগ রাখা হয়েছে। এই নীতিমালার মূল উদ্দেশ্য হলো শিক্ষাক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং যত্রতত্র ফি আদায়ের সংস্কৃতি বন্ধ করা।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে নীতিমালায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের যাবতীয় আয়-ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পরিচালিত হবে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতির যৌথ স্বাক্ষরে। তহবিলের প্রতিটি আয় ও ব্যয়ের নিখুঁত হিসাব সংরক্ষণের দায়িত্ব সরাসরি প্রতিষ্ঠান প্রধানের ওপর ন্যস্ত করা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তবে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান—উভয়কেই ব্যক্তিগতভাবে দায়ী থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য