৮ দেশে চাঁদ দেখা যায়নি, প্রথম রোজা বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা না যাওয়ায় অন্তত ৮টি দেশ ঘোষণা দিয়েছে যে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজান শুরু হবে এবং প্রথম রোজা হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। এ দেশগুলোর মধ্যে রয়েছে ওমান, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপাইন এবং জাপান। খবর খালিজ টাইমসের।
এসব দেশের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কোথাও হিলাল (নতুন চাঁদ) দৃশ্যমান হয়নি। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে বুধবার থেকে রমজান শুরু হবে।
এদিকে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে আজ মঙ্গলবার ছিল শাবানের ২৮তম দিন। এসব দেশে বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা হবে, ফলে রমজান শুরুর তারিখ নির্ভর করবে পরবর্তী ঘোষণার ওপর। বিশ্বজুড়ে চাঁদ দেখার পদ্ধতি ভিন্ন হওয়ায় প্রতিবছরই রমজান শুরুর তারিখে সামান্য পার্থক্য দেখা যায়।
সৌদিতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর মধ্যপ্রাচ্যের আরও দুই দেশ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম রোজা পালনের ঘোষণা দিয়েছে।
প্রথমে সৌদি আরবে নতুন চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করা হয়। দেশটির সুপ্রিম কোর্ট জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন চাঁদ প্রত্যক্ষ করার পরই রমজান মাস শুরু হয়ে গেছে। এবং বুধবার প্রথম রোজা উদযাপিত হবে।
এরপর সংযুক্ত আরব আমিরাত-এর প্রেসিডেন্সি দিওয়ান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, দেশটিতেও ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা শুরু হবে। দুবাইসহ আমিরাতে ঐতিহ্যবাহী রমজান কামান দাগিয়ে এ ঘোষণা দেয়া হয়।
একই দিন কাতারও জানায়, মঙ্গলবার চাঁদ দেখা গেছে এবং বুধবারই প্রথম রোজা পালিত হবে। এই তিন দেশে চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু হওয়ায় উপসাগরীয় অঞ্চলের মুসল্লিরা একযোগে সিয়াম সাধনায় অংশ নিচ্ছেন। তবে অন্যান্য দেশে চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে তারিখে ভিন্নতা দেখা গেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য