মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র গিয়ে জটিল রোগে আক্রান্ত নায়িকা শাহনূর

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৮:০৫
ছবি: সংগৃহীত

জটিল রোগে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা ‘হাজার বছর ধরে’র নায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনূর। কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ এই অিভিনেত্রীর প্যানক্রিয়াসে (অগ্ন্যাশয়) টিউমার শনাক্ত হয়েছে। এমআরআই পরীক্ষার পর চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচার করার জন্য পরামর্শ দিয়েছেন। আর এ তথ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শাহনূর নিজেই নিশ্চিত করেছেন।

অভিনেত্রী শাহনূর সবার কাছে দোয়া চেয়ে জানিয়েছেন, তার প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়েছে। নিউইয়রের্কর মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে চিকিৎসা করা হবে। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর দু-এক দিনের মধ্যে অস্ত্রোপচার করা হতে পারে। এ অবস্থায় অস্ত্রোপচার দ্রুত করা না হলে শারীরিক অবস্থা জটিল হতে পারে। এ পরিস্থিতিতে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

এদিকে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন শাহনূর। সেখানে তিনি লিখেছেন, ‘আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমার কথায়, কাজে বা ব্যবহারে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমার ২৬ বছরের ক্যারিয়ারে কখনো নিজের জন্য কিছুই করিনি। সবসময় চেয়েছি অসহায় মানুষদের জন্য কিছু করতে। কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করা, আজেবাজে কথা বলা অথবা কারোর ক্ষতি করা, কাউকে হিংসা করা―এগুলো মাথাই কখনো আসেনি। সবসময় পজিটিভ চিন্তা করেছি এবং পজিটিভ কাজ করার চেষ্টা করেছি।’

তিনি লিখেছেন, ‘আমি ছোট বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি, তাইতো পথশিশু এবং প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করেছি। আমি আমার আব্বু-আম্মুকে যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি বৃদ্ধাশ্রমের সব বাবা-মাকে। সেজন্যই বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার এত বছরের ক্যারিয়ারে কোনোদিন নিজের জন্য একটা ফ্ল্যাটও কিনিনি, নিজের জন্য দামি কোনো গাড়ি কিনিনি। সবসময় চিন্তা করেছি গাড়ি-বাড়ি, ধন-সম্পদ কোনো কিছুই মরার পর আমার সঙ্গে যাবে না। কিন্তু আমি যদি মানুষের উপকার করি, তারা যে দোয়া করবেন, সেটাই আমার সঙ্গে যাবে।’

সবশেষ তিনি লিখেছেন, ‘আমি আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া চাই। আমি মরে যাওয়ার পরও আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে কেউ ভুলে যাবেন না। সবাই নামাজের সময় মোনাজাতে আমার নাম নিয়ে একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন।’


প্রসঙ্গত, একসময় সিনেমায় নিয়মিত দেখা গেলেও এখন অনিয়মিত শাহনূর। গত এক বছর ধরে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন। ক্যারিয়ারে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। ১৯৯৯ সালে ‘ফাঁসির আদেশ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নাম লেখান। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিদ্দি সন্তান’ মুক্তি পায় ২০০০ সালে। তবে সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় চিত্রনায়ক রিয়াজের বিপরীতে আম্বিয়া চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD