সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ণ

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন ভিসি ড. শরীফ নাফে আস্-সাবের

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১৭:১১
ছবি : সংগৃহীত

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ- এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে যোগদান করেছেন প্রথিতযশা শিক্ষাবিদ ড. শরীফ নাফে আস্-সাবের।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে রাষ্ট্রপতি এ নিয়োগাদেশ প্রদান করেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে ড. শরীফ নাফে আস্-সাবের দায়িত্বভার গ্রহণ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পিআরডি ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারক।

ড. শরীফ নাফে আস্-সাবের একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক নেতা, কৌশলবিদ ও সুশাসনবিশেষজ্ঞ। তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্টামফোর্ডে যোগদানের আগে তিনি ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অনুষদের ব্যবস্থাপনা বিভাগে কর্মরত ছিলেন।

২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের প্রিন্সিপলস অব ম্যানেজমেন্ট এডুকেশন (মধ্যপ্রাচ্য অধ্যায়) এর ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক, ডেপুটি হেড, অ্যাসোসিয়েট ডিন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন), ভারপ্রাপ্ত ডেপুটি প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত প্রধানসহ বিভিন্ন নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি টেকসই উন্নয়নভিত্তিক মাস্টার অব ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রাম চালু করেন এবং জ্যাঁ মোনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস নেটওয়ার্কের ক্লাস্টার লিডার হিসেবে কাজ করেন।

এছাড়া মোনাশ বিশ্ববিদ্যালয়ে এমফিল (ইন্ডাস্ট্রি) প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক ও আন্তর্জাতিক ব্যবসা প্রোগ্রামের পরিচালক ছিলেন।

তিনি মোনাশ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বোর্ডের নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তাসমানিয়া ও ম্যাসি বিশ্ববিদ্যালয়েও তিনি একাডেমিক নেতৃত্ব দিয়েছেন।

শিক্ষাজীবনে তিনি তাসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, মনাশ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

তার গবেষণার প্রধান ক্ষেত্র সুশাসন, জননীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, নৈতিকতা ও আন্তর্জাতিক ব্যবসায় কৌশল।

তিনি অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গবেষণা অনুদান লাভ করেছেন এবং একাধিক পিএইচডি গবেষক তত্ত্বাবধান করেছেন।

একাডেমিক ক্ষেত্রের বাইরে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে স্থানীয় সরকারপ্রধানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতির আদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে সোমবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে তিনি উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD