নকল আর হবে না, ঠিকমতো লেখাপড়া করতে হবে: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন
নকলের সংস্কৃতি বন্ধ করে শিক্ষার মানোন্নয়নে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘নকল আর হবে না, ঠিকমতো লেখাপড়া করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের বিকল্প নেই।’ রোববার (১৫ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘একটি জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষা। শিক্ষার পরিবেশ যদি নকল, অনিয়ম ও অসততার মাধ্যমে কলুষিত হয়, তাহলে সেই জাতি কখনও টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পরীক্ষায় ভালো ফল করতে হলে নিয়মিত পড়াশোনার বিকল্প নেই। নকলের মাধ্যমে সাময়িকভাবে ফলাফল অর্জন করা গেলেও তা ভবিষ্যৎ জীবনে কোনও কাজে আসে না।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিদ্যালয়গুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থান নেয়া হবে।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন আ ন ম এহছানুল হক মিলন। নির্বাচনের পর থেকেই তিনি বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, আমি চাই কচুয়ার শিক্ষার্থীরা শুধু জেলায় নয়, জাতীয় পর্যায়েও সুনাম অর্জন করুক। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। স্থানীয় বাসিন্দারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। মিলন তাদের আশ্বস্ত করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করাই হবে তার প্রধান দায়িত্ব।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য