বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০:৪৫

এবার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের। এছাড়া মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে। তবে এই অনুষ্ঠানে মোদির উপস্থিত থাকা অনেকটা অনিশ্চিত। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। তবে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা কম ভারতের প্রধানমন্ত্রী মোদির। এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নিতে ভারতে সফরে আসছেন ম্যাক্রোঁ এবং তার সফর শুরু হবে মুম্বাই থেকেই। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের কথা আছে।

অবশ্য মোদি না এলেও তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ নেতা প্রতিনিধিত্ব করতে পারেন, সম্ভবত উপ-রাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় যেতে পারেন। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ভারত বাংলাদেশের সঙ্গে তাড়াহুড়ো করে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করতে চায় না, যদিও সম্পর্ক তলানিতে নেমে যাওয়ায় তা পুনরায় পুনর্গঠন করা এখনও দিল্লির কাছে অগ্রাধিকার।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য