প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

বিষপান করতে হলো না বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৯:১৪

এবার নির্বাচনে বিজয়ী হওয়ায় শেষ পর্যন্ত বিষের পেয়ালা স্পর্শ করতে হয়নি স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানকে। বরং তিনি হাসলেন ভূমিধস বিজয়ের হাসি। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজার চেয়ে ৭৬ হাজার ৯০৭ ভোটের বিপুল ব্যবধানে বিজয়ী হলেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৩টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকন পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।

২৪-এর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনের মুখে পতিত স্বৈরাচারী সরকারের পতনের পর যখন জামায়াত-শিবির এমনকি আন্দোলনে অংশ নেওয়া বৈষম্যবিরোধী কতিপয় নেতা এ আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মর্যাদায় প্রতিষ্ঠিত করার প্রয়াস চালান। আর এ আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করায় তীব্র প্রতিবাদে ফুঁসে উঠেন অ্যাডভোকেট ফজলুর রহমান।

তখন থেকেই স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে তিনি আরও উচ্চকিত কণ্ঠ হন। তীব্র প্রতিবাদের ক্ষোভ ঝাড়তে গিয়ে তিনি জামায়াত-শিবির চক্র এমনকি বৈষম্যবিরোধী কতিপয় ছাত্রনেতারও রোষানলে পড়েন। এমনকি দলীয় মনোনয়ন পাওয়ার আগে থেকেই নিজ নির্বাচনি এলাকায় সভা-সমাবেশ ও গণসংযোগ চালানোর সময়ও তিনি জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্যে উচ্চকণ্ঠ ছিলেন। প্রকাশ্য জনসভায় ঘোষণা দিয়ে বলেন, ইটনা, মিঠামইন, অষ্টগ্রামে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র পাশ করলে আমি বিষ খাবো। তার এমন বক্তব্য তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলো।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য