সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান
আজ ভোরের কুয়াশা কাটতেই ভোটের মাঠে আরেকটি দৃশ্য। নেতা নন, যেন সাধারণ এক ভোটার। লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১, শৈলকুপা আসন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল। বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সকাল সাড়ে ৬টার দিকে কেন্দ্রে উপস্থিত হন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। কোনো বিশেষ সুবিধা নেননি। সাধারণ ভোটারদের কাতারেই দাঁড়ান লাইনে। প্রায় এক ঘণ্টা পর, সকাল ৭টা ৪০ মিনিটে দেন ভোট।
ভোট দেয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, এই দিনের আগে স্মরণ করছেন সাড়ে চার হাজার সহযোদ্ধাকে, যারা ভোটাধিকারের আন্দোলনে প্রাণ দিয়েছেন বলে দাবি তার। এছাড়া গুম ও আন্দোলনে আহতদের কথাও উল্লেখ করেন তিনি। গত নির্বাচনের থেকে এবারের নির্বাচনের পার্থক্যের প্রশ্নে তিনি বলেন, এবারের নির্বাচনে প্রার্থীরা নির্ভয়ে নি:সংকোচ চিত্রে প্রচারণা করতে পেরেছেন। ভোটাররা নি:সংকোচ চিত্রে ভোট দিতে পারছেন। কারোর ভোট রাতে হয়ে যায়নি এবং মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিয়ে যেতে পারেনি। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানান।
ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানান, ভোট গ্রহণ নিরাপদ ও সুষ্ঠু করার জন্য জেলার ভোটকেন্দ্রগুলোতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে রয়েছেন ৭ হাজার ৬’শ ৪৪ জন আনসার সদস্য, ১ হাজার ৬’শ ৪৪ জন পুলিশ সদস্য, ১ হাজার ২৯ জন সেনাবাহিনীর সদস্য, র্যাবের ৪৮ জন সদস্য, বিজিবির ২’শ ২২ জন সদস্য। এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ ঝিনাইদহের চারটি আসনে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ঝিনাইদহ জেলায় ৪টি আসনে ভোট কেন্দ্র আছে ৫’শ ৮৮টি। এর মধ্যে গুরুত্বপুর্ণ কেন্দ্রের সংখ্যা ২’শ ৩৭ টি। জেলায় মোট ভোটারের সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩’শ ৯৩ জন। জেলার ৪ টি সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য