মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ণ

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৪:৫৬
ছবি: সংগৃহীত

নির্বাচন সামনে রেখে টাকার অপব্যবহার ঠেকাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন এ সীমাবদ্ধতা কার্যকর থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এই সিদ্ধান্ত অনুযায়ী বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস সেবায় ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, যার মোট সীমা হবে ১০ হাজার টাকা। একই সময়ে ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে একে অপরকে টাকা পাঠানোর সুবিধাও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে পিটুপি লেনদেনের অপব্যবহার রোধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত ৯৬ ঘণ্টা সময়কালে এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে প্রতি লেনদনের সর্বোচ্চ সীমা এক হাজার টাকা এবং দৈনিক সর্বোচ্চ লেনদেন সংখ্যা ১০টিতে সীমাবদ্ধ থাকবে।

তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধসহ সেবা বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী স্বাভাবিক লেনদেন চালু থাকবে। লেনদেন ছাড়া এমএফএস প্রতিষ্ঠানগুলোর অন্যান্য সেবা এ সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

এছাড়া এমএফএসের মাধ্যমে কোনো ধরনের আর্থিক অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্বাচন উপলক্ষে এমএফএস–সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠন করতে হবে। একই সঙ্গে এ সময় সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবায় (আইবিএফটির মাধ্যমে লেনদেন) ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা দিতে বলা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD