বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ

আগামী ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব: নাহিদ ইসলাম

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫১:৪২

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ৫ আগস্ট যেভাবে সফল করেছি, ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে যাব।’ আজ রোববার সকালে বাড্ডায় এনসিপির নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা শুধু ঢাকা-১১ আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই, সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী। ১১দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট, আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার ঐক্যজোট। ১১দলীয় ঐক্যজোটের নেতৃত্বে আপনারা সারা বাংলাদেশে যে যেখানে, যে মার্কা, যে প্রার্থী আছেন, তাদের সহযোগিতা ও ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসবেন। এই আহ্বান আপনাদের প্রতি রইল।’

তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদারমুক্ত, আধিপত্যবাদমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে হবে। ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা তরুণ যুবসমাজ সবাই আছি। ১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি— বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে, যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে। সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদের পরাজিত করতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ আসনে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ, স্কুল, হাসপাতালও নাই। আপনারা এগুলো সবই জানেন। ১০০ ভাগ হচ্ছে প্রাইভেট সেক্টরের ওপর নির্ভর। কোনো সরকারি হাসপাতাল নাই। ঢাকা-১১ আসনে সরকারি হাইস্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র ১৫টি। শিক্ষা এবং স্বাস্থ্যব্যবস্থা পুরোটাই নির্ভরশীল হচ্ছে প্রাইভেট সেক্টরের ওপরে। বর্ষাকালে প্রায় ৬০ শতাংশ রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা তৈরি হয়। সেগুলোর মাধ্যমে আমাদের জীবনযাপন করতে হয়। মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায়, বাকি ৭০ শতাংশ এলাকা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা এবং আশপাশের খালগুলো সেটা পূরণ করে। আমাদের যে খালগুলো রয়েছে রামপুরা খাল, শাহজাদপুর খাল— এগুলো দখল করা হয়েছে। নদী দখল করা হয়েছে, বালু ফেলা হয়েছে। এই খালগুলো আর আমাদের সেই সুবিধা দিতে পারে না।

তিনি বলেন, ঢাকা-১১ এলাকা উন্নয়ন না হওয়ার পেছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই এলাকার শত শত মানুষের জমি, শত শত খাসজমি, সাধারণ জলাশয়— এগুলো দখল করে নেওয়া হয়েছে। ভরাট করে ফেলা হয়েছে। শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD