দেশে এমন একটি দল আছে যাদের কাজ কর্মই মুনাফেকি: বাবর

৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১০:২৪

এবার নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খলিয়াজুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধাদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। তিনি বলেন, যারা ৭১ ও ২৪-কে এক সঙ্গে তুলনা করতে চায়, তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে যেমন শ্রদ্ধাভরে স্মরণ করি, ২৪-এর গণঅভ্যুত্থানকেও শ্রদ্ধাভরে স্মরণ করি।

গতকাল শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনার মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, এ দেশে এমন একটি দল আছে যাদের কাজ কর্মই মুনাফেকি। ৭১ নিয়ে কথা বললে তারা চুপ থাকে। তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের পরিবর্তে অন্য কাউকে স্বাধীনতার ঘোষক বানাতে চায়। তাদের মুনাফেকি সম্পর্কে সকল নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, মদন, মোহনগঞ্জ ও খলিয়াজুড়িকে মাদক ও জুয়ামুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন দলীয় নেতা-কর্মীদের ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান ও ফলাফল সংগ্রহ করে ঘরে ফেরবেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য