দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
এবার পুলিশ বাহিনী থেকে আওয়ামী লীগপন্থিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। একই সঙ্গে তিনি শহীদ ওসমান হাদির হত্যার বিচার, গণভোটে ‘হ্যা’ ভোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে সাদিক কায়েম বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে যারা হামলা করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে পুলিশের মধ্যে আওয়ামী লীগের যে সদস্যরা আছে, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশকে লীগ মুক্ত করতে হবে। তিনি শহীদ ওসমান হাদিসহ সব শহীদের হত্যাকারীদের বিচারের দাবি জানান। তিনি আরও বলেন, স্বাধীনতার পর আমরা অনেক এমপি বানিয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তারা আমাদের প্রতারিত করেছে। এবার আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই।
বাগেরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, শেখ মঞ্জুরুল হক রাহাদ বিজয়ী হলে তিনি শাসক হবেন না, হবেন বাগেরহাটবাসীর সেবক। বাগেরহাটের সব সমস্যায় জনগণ তাকে পাশে পাবে। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে ‘হ্যা’ দেওয়া মানে আজাদি। এই দেশকে শোষণমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে গণভোটে ‘হ্যা’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট শাখার আহ্বায়ক এসএম সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামী বাগেরহাট শাখার সেক্রেটারি মো. ইউনূস শেখসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য