শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ণ

পাকিস্তানে জুমার নামাজে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৫

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৩:০১
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, এ ঘটনায় আরও অন্তত ৮০ জন মুসল্লি গুরুতর আহত হয়েছেন।

বিস্ফোরণে মসজিদটির কয়েকটি দেয়াল ধসে পড়ে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত খাদিজা-তুল কুবরা মসজিদে জুমার নামাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী দৈনিক দ্য ডন।

জেলা প্রশাসনের তথ্যমতে, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এক হাজার ২০০–এর বেশি পুলিশ সদস্য ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। তাদের সঙ্গে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও।

উল্লেখ্য, বিস্ফোরণের ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ দুই দিনের সফরে ইসলামাবাদে অবস্থান করছেন।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের কারণ বা উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মঘাতী হামলা নাকি পরিকল্পিত বোমা বিস্ফোরণ—সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তে ফরেনসিক টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের মুখপাত্র আরও জানান, বিস্ফোরণস্থল পুরোপুরি ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (পিমস), সিডিএ হাসপাতালসহ একাধিক হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD