প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

‘বাংলাদেশে নির্বাচনের পরই বয়কটের সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান’

৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৪:৫৬

ছবি: সংগৃহীত

আগামী ১২ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শেষ হওয়ার পরই টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পাকিস্তান সরে আসবে—এমনটাই দাবি করেছেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন শর্মা। তার মতে, খুব শিগগিরই পাকিস্তান এ বিষয়ে একটি ‘ইউ টার্ন’ নেবে।

নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ভারত সফরে ম্যাচ না খেলার অনুরোধ জানালেও আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে এবং বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেতন শর্মা বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়দের দোষটা কোথায়? একেবারেই নেই। পুরো বিষয়টাই রাজনৈতিক। বাংলাদেশে ১২ তারিখ নির্বাচন রয়েছে। নির্বাচন শেষ হলেই দেখবেন অবস্থান বদলাবে। তখন বলা হবে “জনমতকে সম্মান জানিয়ে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়, পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে।” আসলে পুরো সিদ্ধান্তটাই বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে। আমি নিজে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, নির্বাচনেও অংশ নিয়েছি। নির্বাচনের পর হয়তো সেনাপ্রধানও বলবেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত এবং ম্যাচ হওয়া দরকার।’

ভারতের সাবেক এই পেসার আরও বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না আসে, ততক্ষণ এসব বক্তব্যের কোনো বাস্তব মূল্য নেই। যে কেউ যেকোনো সময় অবসর ঘোষণা করতে পারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো না হলে সেটার কোনো প্রভাব পড়ে না। শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট আর ক্রিকেটাররাই।’

ভারতের হয়ে ২৩ টেস্টে ৬১ উইকেট এবং ৬৫ ওয়ানডেতে ৬৭ উইকেট নিয়েছেন ৬০ বছর বয়সী চেতন শর্মা। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন চেতন। পরে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন এবং পার্টির ক্রীড়া সেলের আহ্বায়ক হিসেবে নিয়োগ পান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য