প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

রণক্ষেত্র যমুনা; সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩০:২১

ছবি: সংগৃহীত

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে যমুনা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় নিরাপত্তা জোরদারে বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়। সংঘর্ষের মধ্যে কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।

এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা যমুনা অভিমুখে রওনা হন।

বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সামনে অগ্রসর হন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং বাড়ি ফিরবেন না। তাদের অভিযোগ, অতীতে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তারা ক্ষুব্ধ। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও এখনো গেজেট না হওয়াকে তারা অবিচার বলে উল্লেখ করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য