প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের বিক্ষোভ: যমুনার নিরাপত্তায় বিজিবি ও নৌবাহিনী মোতায়েন

৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪১:৫৩

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভের মুখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ নৌ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এক বার্তায় বিজিবি জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে নৌ বাহিনীর বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তথ্য পাওয়া যায়নি।

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে বেলা সোয়া ১১টার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পড়ে সরকারি কর্মচারীরা।

এদিকে, দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মোতায়েন করা হয় বিজিবি ও নৌ বাহিনীর সদস্যদেরও। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।

এর আগে, সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।

বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যান তারা। এ সময় বিভিন্ন স্লোগন দেন সরকারি চাকরিজীবীরা। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না।

বিগত দিনে বারবার আশ্বাস দেয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়ায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য