শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাস শুরু কবে, যা জানালেন জ্যোতির্বিদরা

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৪:০১
ফাইল ছবি

চলতি বছর পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে, সে সম্পর্কে নিজেদের আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস প্রকাশ করেছে শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এসএএএসএসটি)। ইউনিভার্সিটি অব শারজাহ-এর বিশেষজ্ঞ দলের হিসাব অনুযায়ী, যেসব দেশ খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরুর ঘোষণা দেয়, সেখানে রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি।

বিশেষজ্ঞ দলের মতে, আগামী ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সেদিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের বয়স হবে ২ ঘণ্টা ১৪ মিনিট। সূর্যাস্তের ঠিক আগ মূহুর্তে ওই চাঁদ অস্ত যাবে। যার অর্থ চাঁদ ও সূর্য একই সঙ্গে অস্ত যাবে। ফলে ওইদিন সন্ধ্যার পর রমজানের চাঁদ দেখা অসম্ভব।

এসএএএসএসটি আরও বলেছে, শুধুমাত্র খালি চোখে নয়; উন্নত প্রযুক্তির টেলিস্কোপেও সেদিন চাঁদ দেখা যাবে না। এছাড়া শুধু যে আমিরাত বা শারজাহতে চাঁদের দেখা মিলবে না, এমনটি নয়। ইসলামিক বিশ্বের কোনো দেশেই রমজানের চাঁদ দেখা যাবে না।

কিন্তু পরেরদিন ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় পশ্চিম আকাশে খালি চোখেই দেখা যাবে নতুন অর্ধচন্দ্র। ওইদিন চাঁদটির বয়স ২৬ ঘণ্টা পেরিয়ে যাবে এবং চাঁদ দিগন্ত থেকে প্রায় ১২ ডিগ্রি ও ২১ আর্ক-মিনিট উচ্চতায় থাকবে। ফলে আকাশ পরিষ্কার থাকলে কোনো যন্ত্র ছাড়াই মহিমান্বিত মাসের চাঁদ দেখতে পারবেন মুসল্লিরা। ফলে ওই অঞ্চলে প্রথম রোজা হবে ১৯ ফেব্রুয়ারি।

অ্যাকাডেমিটি বলেছে, যেসব দেশ খালি চোখের বদলে জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী রমজান শুরুর ঘোষণা দেয়, সেসব দেশে প্রথম রোজা হবে ১৮ ফেব্রুয়ারি। সূত্র: গালফ নিউজ

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD