প্রচ্ছদ / আইন ও আদালত / বিস্তারিত

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় আজ

৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬:৩৮

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট রাজধানীর অদূরে আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয় লাশ পোড়ানোর মামলার বিচারের রায় জানা যাবে আজ বৃহস্পতিবার। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২ এ রায় ঘোষণা করবে। এ মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে গত ২০ জানুয়ারি রায় যেকোনো দিন ঘোষণা করা মর্মে অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল।

এর ধারাবাহিকতায় গত রবিবার রায়ের জন্য এদিন (৫ ফেব্রুয়ারি) ধার্য করে আদালত। চব্বিশের গণঅভ্যুত্থান দমনে ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ নিয়ে তৃতীয় কোনো মামলা রায়ের পর্যায়ে এসেছে।

আশুলিয়ার ঘটনার মামলায় ১৬ আসামির মধ্যে ৮ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন, পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান ও শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। স্থানীয় আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ আসামি এখনো পলাতক। আসামি আবজালুল হক এ মামলায় দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে সাক্ষ্য দেন।

গত বছরের ১৪ সেপ্টেম্বর প্রসিকিউশনপক্ষে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ মামলায় বিচারকাজ শুরু হয়। গত বছরের ২১ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে ২৪ জন সাক্ষী সাক্ষ্য দেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য