বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ণ

জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৭:০৯
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমের নেতৃত্বে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন তুলে দেয় বিসিবির কাছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, জাহানারার তোলা চারটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কমিটি জাহানারা আলমের করা চারটি সুনির্দিষ্ট অভিযোগ পরীক্ষা করে। এর মধ্যে দুটি অভিযোগ উপলব্ধ প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়নি। বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে, কমিটি বাংলাদেশ নারী দলের তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলামের অনুপযুক্ত আচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে, যার সঙ্গে বিসিবির চুক্তিভিত্তিক মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন শেষ হয়।”

তদন্ত কমিটি জানিয়েছে মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ‘হয়রানি’র পর্যায়ে পড়ে। তদন্ত রিপোর্ট অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বোর্ডের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি।

উল্লেখ্য যে, তিন দফায় সময় বাড়ানোর পরও নির্ধারিত সময় পেরিয়ে গত সোমবার বহুল আলোচিত এই অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়ে বিসিবিতে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD