প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: তারেক রহমান

৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৭:১০

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ১৩ ফেব্রুয়ারি থেকে আগামী পাঁচ বছর জনগণের পাশে দাঁড়াবেন এবং জনগণের পা ধরবেন। তিনি উল্লেখ করেন, বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘১৩ তারিখ থেকে জনগণের পা ধরে থাকবেন, কারণ যার পেছনে জনগণের সমর্থন নেই, তার পরিণতি আমরা ৫ আগস্টে দেখেছি। জনগণের জন্যই বিএনপির সব পরিকল্পনা এবং তাদের জন্যই দেশের উন্নয়ন।’ তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। জনগণকে ১২ তারিখ তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে। তাই সতর্ক থাকতে হবে।’

চেয়ারম্যান অভিযোগ করেন, ‘নতুন জালেম হিসেবে পরিচিত যারা, তারা প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে, সিল মারছে। মা-বোনদের কাছে বিকাশ নম্বর চাইছে, এনআইডি চাইছে। তারা দাবি করছে সৎ মানুষের শাসন কায়েম করতে চায়, অথচ এখনই ব্যালট ছাপাচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে এবং মানুষের সম্মানহানি করছে। আইডি হ্যাকড হয়েছে বলে মিথ্যা বলছে। তাদের মাধ্যমে সৎ শাসন সম্ভব নয়, তাই সতর্ক থাকতে হবে।’

তারেক রহমান বলেন, ‘গুপ্তদের একজন কুমিল্লা জেলা নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। যারা মানুষের সঙ্গে অবমাননাকর আচরণ করছে, তাদের মানসিকতা বের হয়ে এসেছে। এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্য কী হবে তা বোঝা যাবে। তাই গুপ্তদের শিক্ষা দিতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘স্বৈরাচার সরকারের সঙ্গে তারা সবসময় একসাথে ছিল। তারা হলো মুদ্রার দুইপিঠ। ৭১, ৮৬, ৯৬সহ বিগত ১৫ বছর তারা সর্বদা তাদের সঙ্গে ছিল।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য