বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ

নির্বাচনে কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন

৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০৯:৩৫
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের আভাস পাওয়া যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।

মাহদী আমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি টানা ১৬ বছর সংগ্রাম করেছে।

তিনি বলেন, দীর্ঘ এই আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে জনগণই হবে রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস।

তিনি অতীতের নির্বাচনগুলোর সমালোচনা করে বলেন, ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের ভোট এবং ২০২৪ সালের ডামি নির্বাচন এই তিনটি নির্বাচনই জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা কুক্ষিগত রাখার উদাহরণ।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অতীতে পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে কীভাবে একটি পক্ষকে সুবিধা দেওয়া হয়েছিল, তা গণমাধ্যমই তুলে ধরেছে। বর্তমানে দেশের মানুষ মোটামুটি সবাই জানে, পোস্টাল ব্যালট কীভাবে নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের কথাও উল্লেখ করেন। বলেন, কোথাও বিপুলসংখ্যক ভোটার স্থানান্তরের কথা বলা হচ্ছে, আবার ঢাকার কয়েকটি এলাকায় পরিকল্পিতভাবে বোরকা প্রস্তুতের খবরও শোনা যাচ্ছে। এসব বিষয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মাহদী আমিন বলেন, যেকোনো ধরনের অনিয়ম, কারচুপি ও নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে সাংবাদিকসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বার্থে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD