প্রচ্ছদ / আইন ও আদালত / বিস্তারিত

বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার

২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২০:৩৯

ছবি: সংগৃহীত

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী। তিনি জানান, ড. মো. সাফিকুর রহমান বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বলেন, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় রোববার গভীর রাতে, আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে ড. সাফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং বাসার অপর দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তার হঠাৎ গ্রেপ্তারের ঘটনায় প্রশাসনিক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

ড. মো. সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘদিন ধরে সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য