সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ

নারী ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতা কারাগারে

২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২০:৪৬

এবার গাজীপুরে কাপড় ব্যবসায়ী রানু বেগমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছাত্রদল নেতা আশিক ইসলাম স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার রাতে ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, গাজীপুর মহানগরের পশ্চিম কলমেশ্বর এলাকায় স্থানীয় দুলাল মার্কেটে ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামে একটি কাপড়ের দোকানে ব্যবসা করতেন রানু বেগম নামে নারী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৩১ জানুয়ারি) সকালে রানুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

স্থানীয়রা জানায়, একই এলাকার মুদি দোকানি নজরুল ইসলাম ও তার ছেলে আশিক ইসলামের সঙ্গে লেনদেন নিয়ে কাপড় ব্যবসায়ী রানু বেগমের সঙ্গে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে ঘটনার দিন সকালে রানুর সঙ্গে নজরুলের বাকবিতণ্ডা হয়। বিষয়টি জানতে পেরে আশিক ক্ষিপ্ত হয়ে ধারাল ছুরি দিয়ে রানু বেগমের ওপর হামলা করেন। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রানু বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত রানুর ছেলে হৃদয় বাদী হয়ে শনিবার রাতেই আশিককে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে ওই দিন দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা থেকে আশিককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আশিক গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক। এদিকে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মামলার পরপরই আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে ভালুকা থেকে গ্রেপ্তার করি। পরে রোববার গ্রেপ্তারকৃত আশিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD