ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় পাকিস্তানের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন গাভাস্কার
আসন্ন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পাকিস্তান সরকারের সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তাঁর মতে, এমন সিদ্ধান্ত ভবিষ্যতে যেন আর কোনো দল নিতে সাহস না পায়, সে জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচিত পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া।
এদিকে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে কোনো দল সরে দাঁড়ালে সেটি বড় সমস্যা তৈরি করে। গাভাস্কারের ভাষায়, “আগে থেকেই কোনো দল সরে দাঁড়ালে বিষয়টি ভিন্নভাবে দেখা যেতে পারে। কিন্তু টুর্নামেন্টের একেবারে শেষ মুহূর্তে, কার্যত শুরুর আগের দিনে যদি কেউ সরে যায়, তাহলে সেটি গুরুতর ইস্যু। সে ক্ষেত্রে আইসিসির হস্তক্ষেপ করা এবং কোনো না কোনো ব্যবস্থা নেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত একক কোনো বোর্ড বা ব্যক্তির ওপর নির্ভর করে হবে না। কারণ এতে অন্য অনেক দেশের ক্রিকেট বোর্ড জড়িত। তবে আইসিসির নেওয়া পদক্ষেপ এমন হওয়া উচিত, যাতে ভবিষ্যতে অন্য কোনো দলও এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা না ভাবে। ভারতের সাবেক এই ওপেনার আরও মনে করেন, ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি আইনি পথেও যেতে পারে।
গাভাস্কার বলেন, “আইসিসি হয়তো পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। তবে সেই প্রক্রিয়ার ফলাফল কী হবে, তা বলা কঠিন। এটুকু নিশ্চিত, পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে আইসিসি ভীষণভাবে অসন্তুষ্ট হবে।”
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য