সরকার যেটাকে আজাদি বলছে, আমি সেটাকে বলি গোলামি: কাদের
ছবি: সংগৃহীত
বাইরের শক্তির প্ররোচনায় অন্তর্বর্তী সরকার দেশে আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন।
জিএম কাদের বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাধারণ মানুষের কোনো গভীর সম্পর্ক নেই। তারা কখনোই দেশ পরিচালনার দায়িত্বে ছিল না। অথচ এখন বাইরের শক্তির ইশারায় দেশকে একটি নির্দিষ্ট পথে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। যেটিকে তারা আজাদি বলে প্রচার করছে, সেটি আসলে গোলামি। ইনসাফের কথা বলা হলেও বাস্তবে তা চরম বেইনসাফে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে, আর নিরীহ মানুষকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারাগারে পাঠানো হচ্ছে। সর্বত্র অন্যায় ও নিপীড়ন চলছে। ইনকিলাবের নামে দেশকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে, আর এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই জাতীয় পার্টির রাজনৈতিক সংগ্রাম। দেশবাসীকে এখনই প্রস্তুত হতে হবে।
গণভোট প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে পারে না। গণভোটের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র নির্বাচিত সংসদ সদস্যদের। বর্তমান সরকারের উদ্যোগে আয়োজিত গণভোট সম্পূর্ণ অবৈধ এবং ভবিষ্যতে এটি দেশদ্রোহিতার শামিল হিসেবে প্রমাণিত হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী দেশকে সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থী রাষ্ট্রে পরিণত করতে চায়। এই ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গণসংযোগে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রংপুর বিভাগের প্রতিটি আসনেই জাপা প্রার্থীদের অবস্থান শক্তিশালী।
জিএম কাদের বলেন, অতীতে নানা অন্যায় ও নির্যাতনের কারণে জাতীয় পার্টি তার ঐতিহ্য ধরে রাখতে পারেনি। তবে সুষ্ঠু নির্বাচন, সঠিক ভোট গণনা ও ফলাফল ঘোষণা নিশ্চিত হলে এবারের নির্বাচনে জাতীয় পার্টি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি ভোট ও আসন অর্জন করবে।
নারী অধিকার ও সামাজিক কাঠামো প্রসঙ্গে এই রাজনীতিবিদ বলেন, আমাদের দেশে নারী ও পুরুষ একসাথে কাজ করে। আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম অন্তর থেকে পালন করি। এ কারণেই বাংলাদেশ একটি ধার্মিক, সহানুভূতিশীল ও অসাম্প্রদায়িক দেশ। অথচ একটি গোষ্ঠী বলছে নারীরা চাকরি করতে পারবে না। তাহলে যেসব পরিবারে একমাত্র সন্তান একজন মেয়ে, তারা কীভাবে চলবে? তারা দাবি করছে নারীরা কাজ করলে সমাজ নষ্ট হয়ে যাবে। ইসলামে এমন কোনো কথা নেই। তাহলে এই ধারণাগুলো তারা কোথা থেকে পেল?
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য