প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলো পাকিস্তান

১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৪:০৩

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে আইসিসি কর্তৃক বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে বিশ্বকাপের অন্য সব ম্যাচে খেলবে তারা। এর আগে বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তান-এমন গুঞ্জন চাউর হয়েছিল।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টা ২৭ মিনিটে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে করা এক পোস্টে বলা হয়, ‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার জন্য পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে অনুমতি দিচ্ছে পাকিস্তান সরকার। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।’

এর আগে বিশ্বকাপের অফিশিয়াল জার্সি বা কিট উন্মোচনের পূর্বনির্ধারিত অনুষ্ঠানটি শেষ মুহূর্তে বাতিল করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্ধারিত সময়ে জার্সি উন্মোচন না হওয়ায় ক্রিকেট মহলে গুঞ্জন আরও জোরালো হয়েছিল, হয়ত পাকিস্তান বিশ্বকাপে অংশ নিচ্ছে না।

পিসিবি প্রধান মহসিন নাকভি এর আগে জানিয়েছিলেন যে, শুক্রবার (৩০ জানুয়ারি) অথবা আগামী সোমবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছিলেন পিসিবি প্রধান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য