রাষ্ট্রপতির কার্যালয় থেকে ডা. শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের সূত্রপাত’: অভিযোগ জামায়াতের

১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৯:১২

এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ও দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে অভিযোগ করেছে দলটি। জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, সরকারি উৎস ও রাষ্ট্রপতির কার্যালয় থেকে ডা. শফিকুরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সূত্রপাত হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ কামনা করেছে জামায়াত।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিস্তারিত প্রেজেন্টেশনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির একটি টিমের সদস্য মাহমুদুর রহমান বলেন, ‘এসব সাইবার অ্যাটাকের বেশিরভাগ মেইল অ্যাড্রেস সরকারি অফিসের উৎস থেকে এসেছে। এমনকি রাষ্ট্রপতির কার্যালয় থেকেও জাঙ্ক মেইল এসেছে, অফিসিয়াল জায়গা থেকে। এটা স্যাবোটাজ হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের অ্যাটাক বারবার হয়েছে। গত এক মাসে এরকম বহু অ্যাটাকের শিকার আমরা হয়েছি। জামায়াত আমির বাদে শফিকুল ইসলাম মাসুদ এবং দেলোয়ার হোসেনের অ্যাকাউন্টেও আক্রমণ হয়েছে।’ ‘নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে, এ ব্যাপারে তাদের শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে,’ বলেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘নারীর প্রতি জামায়াতের কী ভাবনা তা জামায়াত আমিরের বক্তব্যে সবসময় স্পষ্ট। সাইবার অ্যাটাকের মাধ্যমে সেটিকে বদলানো সম্ভব না। এ ধরনের ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। একইসঙ্গে নির্বাচন কমিশনকেও এ ব্যাপারে বলা হবে।’

এ সময় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আরেক সদস্য ও ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম বলেন, জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের পাশাপাশি আরও একাধিক পেজে কয়েক দফা সাইবার অ্যাটাক করে পেজগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। এর আগে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ হ্যান্ডেল হ্যাক করে নারী অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয় বলেও জানান তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য