বুধবার ১৮ মার্চ, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ

সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল

২৬ জানুয়ারি, ২০২৬ ১১:০৮:৫২
ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি দেশের একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী হলেও বর্তমানে গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের সংকটে পড়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। একসময় সাভারে প্রায় ১২ হাজার জনবল নিয়ে বিশাল ফ্যাক্টরি পরিচালনা করলেও বর্তমানে সেখানে কর্মীসংখ্যা নেমে এসেছে প্রায় ৪ হাজারে। ব্যবসায়িক এই ধস কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টায় পুরো মনোযোগ দিচ্ছেন ব্যবসার দিকেই।

এই পরিস্থিতিতে সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল। ‘মোস্ট ওয়েলকাম’ ও ‘দিন দ্য ডে’খ্যাত এই নায়ক ও প্রযোজক জানান, ব্যবসার অবস্থা এতটাই খারাপ যে এখন অভিনয় নিয়ে ভাবার সুযোগ নেই। এমনকি পেন্ডিং থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না।

তিনি বলেন, ‘সিনেমা করলেও আমি কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসা ভালো অবস্থায় না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা আমার জন্য ঠিক হবে না।’

অনন্ত জলিল আরও বলেন, ‘যখন কোনো কাজে সংকট আসে, তখন সেই কঠিন সময় কাটিয়ে ওঠার দিকেই মনোযোগ দেওয়া আমার স্বভাব। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এই সময় সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও বড় সমস্যায় পড়তে হবে।’

অন্যদিকে তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকেও আর সিনেমায় দেখা যাবে না। সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন অনন্ত জলিল নিজেই। সেক্ষেত্রে তাদের নিয়ে নির্মিতব্য ছবিগুলোর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।

২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে সিনেমায় এসেছিলেন অনন্ত জলিল। তখন থেকে তার প্রতিটি সিনেমায় সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা। অনন্ত বলেন, ‘যখন সিনেমা করবো আবার একসঙ্গে করবো। না করলে দুজনের কেউ করবো না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।’

অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ দুটি সিনেমার শুটিং এখনো শেষ হয়নি। জাজের ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ নামের আরেক সিনেমার মহরত হলেও শুটিং হয়নি। এই সিনেমাগুলোর ভবিষ্যৎ কী? অনন্ত বলেন, ‘যদি কখনও ভালো সময় আসে করব, নইলে না।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD