বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ খেলা নিয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

২৬ জানুয়ারি, ২০২৬ ৯:০৯:৪৯
ছবি: সংগৃহীত

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পরামর্শের পরই এই সিদ্ধান্ত আসবে। রোববার (২৫ জানুয়ারি) সামা টিভির প্রকাশিত তথ্যে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নকভি আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আজ লন্ডন থেকে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে।

সূত্র জানায়, ওই বৈঠকে পিসিবি চেয়ারম্যান টি–টোয়েন্টি বিশ্বকাপ–সংক্রান্ত সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পাকিস্তানের বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে গিয়ে মহসিন নকভি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান নীতিনির্ভর। ক্রিকেটের মৌলিক মূল্যবোধকে সামনে রেখেই পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।’

পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ‘ক্রিকেটকে রাজনৈতিকভাবে ব্যবহার করা কারও জন্যই মঙ্গলজনক নয়।’ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান সরকারের যে সিদ্ধান্ত হবে, পিসিবি তা পুরোপুরি অনুসরণ করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার ঘোষণা দিয়েছে এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে।

আইসিসির বিবৃতি অনুযায়ী, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে বাংলাদেশের সঙ্গে প্রায় তিন সপ্তাহ ধরে আলোচনা চালানো হয়। এ সময় অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তৃত নিরাপত্তা মূল্যায়নও করা হয়।

পর্যালোচনার পর আইসিসি জানায়, ভারতে বাংলাদেশের দলের জন্য কোনো যাচাইযোগ্য নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়ায়, আইসিসির নিয়ম অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইসিসি আরও জানায়, বর্তমানে টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডের অবস্থান ১৪তম। তারা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD