বুধবার ৪ মার্চ, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ

বিএনপির অভিযোগে জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

২০ জানুয়ারি, ২০২৬ ৭:১৭:২২
ফাইল ছবি

বিএনপির অভিযোগের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ের আগে কোনো ধরনের নির্বাচনি প্রচারণা না চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশনার আওতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস—এই চারটি রাজনৈতিক দলকে সতর্ক করা হয়েছে।

ইসি সূত্র জানায়, সংশ্লিষ্ট চার দলের প্রধানদের কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে প্রচারণা আইনবিরোধী এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনার বরাবর বিএনপি লিখিত অভিযোগ দাখিল করে জানায়—২১ জানুয়ারির আগে প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও উল্লিখিত দলগুলো প্রকাশ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটের প্রচারণা চালাচ্ছে। এসব কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ১৮-এর পরিপন্থি, যেখানে নির্ধারিত সময়ের আগে পোস্টার, ব্যানার, সভা-সমাবেশ বা জনসংযোগমূলক প্রচারণা নিষিদ্ধ।
ইসি কর্মকর্তারা জানান, কমিশন নির্বাচনি মাঠে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে চায়। সতর্কবার্তার পরও আচরণবিধি লঙ্ঘন হলে সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD