বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
 

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তারা ব্যর্থ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ জানুয়ারি, ২০২৬ ৫:১৬:৫০

এবার নির্বাচন বানচালের যে কোনো চেষ্টা কঠোর হাতে দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। আসন্ন নির্বাচন কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেজন্য সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রচার-প্রচারণা, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যথাসময়ে নির্বাচনের ব্যাপারে অটল। যারা বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে বলা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো বা বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটকেন্দ্রে যেকোনো সময় যেকোনো স্থানে প্রবেশ করতে পারবে। সভায় সিদ্ধান্ত হয়েছে, রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। এর মধ্যে ১১জনকে গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

এছাড়া তিনি আরও বলেন, রাজনৈতিক দলে যেন ফ্যাসিস্টের দোসরদের অনুপ্রবেশ না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে হবে দলগুলোকে। রাজনৈতিক দলের পারস্পরিক দোষারোপে নাশকতাকারীরা যেন সুযোগ নিতে না পারে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। সড়ক মহাসড়কে ড্রাইভারদের সতর্ক হয়ে যানবাহন চালানোর অনুরোধ করা হয়েছে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি জানান, আগামী ৭ তারিখের মধ্যেই শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD