তারেক রহমানকে কি বলব বুঝতে পারিনি: শোক জানাতে গিয়ে পার্থ
এবার বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে সমবেদনা জানাতে গিয়েছিলাম। কি বলব বুঝে উঠতে পারি নাই।’ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি একথা বলেন।
পার্থ উল্লেখ করেন, ‘২০০৮ সাল থেকে আমার সাথে দেশনেত্রীর সম্পর্ক, সম্পর্কটা রাজনৈতিক হবার কথা থাকলেও সম্পর্ক ছিল স্নেহের, শ্রদ্ধার আর আস্থার। ২০০৮ সালে বাবার ইন্তেকালের পর থেকে আমার জীবনটা যখন একটা পালবিহীন নৌকার মত ছিল ঠিক তখন দেশনেত্রীর সাথে রাজনীতি করার সুযোগ করে দেয় মহান আল্লাহ। দেশনেত্রী আমাকে পাশে বসাত, রাজনীতি বোঝাত, প্রশংসা করত, সংসদে আমার বক্তৃতা শোনার পর বলতো ‘পার্থকে আরো সময় বাড়িয়ে দাও, ও ভালো বলে।’
তিনি বলেন, ‘লক্ষ লক্ষ মানুষের জনসভায় বলত ‘এই যে পার্থ বলে গেল।’ আমার সেই বয়সে দেশনেত্রীর কাছ থেকে আসা সেই কথা রাজনৈতিকভাবে সারাদেশে আমার ভাবমূর্তি ভিন্ন স্তরে নিয়ে গিয়েছিল। ১৮ বছরের স্মৃতি লিখে শেষ করতে পারব না। শুধু একটা ঘটনা বলি- সাল ছিল ২০১৩/১৪। তৎকালীন সরকার জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল, অনেক গুঞ্জন ছিল ২০ দল ভেঙে যাবার। আমি গুলশান অফিসে গেলাম- দেশনেত্রীর রুমে ঢুকলাম, আমাকে দেখেই দেশনেত্রী বলল ‘কি পার্থ তুমিও কি চলে যাচ্ছো’। আমি খানিকক্ষণ চুপ করে থেকে বলেছিলাম ‘আপনার গাড়িতে প্রধানমন্ত্রীর পতাকা উঠার আগে, আমার গাড়িতে পতাকা উঠবে না ইনশাআল্লাহ।’
আন্দালিভ রহমান পার্থ আরও লেখেন, ‘আজ দেশনেত্রী প্রধানমন্ত্রী পদের বহু উপরে উঠে গিয়েছে। আজ উনি মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী.. হৃদয়ের নেত্রী। ধন্যবাদ দেশনেত্রী, বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য। ধন্যবাদ দেশনেত্রী, আমার পাশে থাকার জন্য। আমি এবং আমার পরিবার আপনার কাছে চিরঋণী, চির কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে জান্নাত বাসি করুক।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য