রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে

২৯ ডিসেম্বর, ২০২৫ ৭:৪১:১৯
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগদান করেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সংবাদ সম্মেলনে অংশ নেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এনসিপি নির্বাচনি যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন, সে জন্য তিনি কাজ করবেন। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকা ও রাখা সমান গুরুত্বপূর্ণ। নির্বাচন কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সে কারণেই এনসিপিতে যোগ দিয়েছি।

তিনি বলেন, একজন সংসদে যাওয়ার বদলে জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি অবদান রাখতে পারি, নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না।  সুষ্ঠ ও নিরপেক্ষতার সঙ্গে হানাহানি ছাড়া এই গণতান্ত্রিক উত্তরণকে সফলতার সঙ্গে বাংলাদেশ অতিক্রম করতে পারবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট নির্বাচন করলে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ ১০০ বছর এগিয়ে যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, সহযোদ্ধাদের নির্বাচিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। একইসঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে নির্বাচিত করতে এনসিপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব।

এর আগে, আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছিলেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন তিনি। বেশ কয়েকটি দলের সঙ্গে তার যুক্ত হওয়ার খবর রটলেও শেষ পর্যন্ত গত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানান, কোনো দলের হয়ে নয়, প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। তবে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ তিনি এনসিপিতে যোগ দিলেন আজ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD