স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে পরিচয় ’রাজনৈতিক কর্মী’ লিখলেন তারেক রহমান
এবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিদর্শন বইয়ে নিজের পরিচয় হিসেবে লেখেন ’রাজনৈতিক কর্মী’। শুক্রবার রাত ১০টা ৪ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন। এরপর শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি ও তার সঙ্গে আসা নেতৃবৃন্দ।
শ্রদ্ধা শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশে তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরই স্মৃতিসৌধের বেদির স্থান ত্যাগ করে তাকে বহনকারী বাসে উঠে যান। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে গাড়িতে বসেই স্মৃতিসৌধ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় পরিদর্শন বইয়ে তারিখের জায়গায় বাংলায় আজকের ২৮-১২-২০২৫ তারিখ লেখেন। নামের স্থলে তারেক রহমান এবং নিজের পরিচয়ের স্থলে লেখেন, ’রাজনৈতিক কর্মী’।
আর মন্তব্যের ঘরে লেখেন, ১৯৭১ এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা। রাত ১০টা ৩৮ মিনিটের দিকে তাকে বহনকারী বাসটি স্মৃতিসৌধের ফটক ত্যাগ করে। এসব বিষয়ে বিএনপির ঢাকা জেলা কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আমরা আগেই ফুল দিয়েছিলাম। তিনি এলেন, বেদির সামনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করলেন। উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানান। পরবর্তীতে গাড়িতে উঠেই পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর বাসভবনের উদ্দেশে বাসটি ছেড়ে যায়।
এর আগে তারেক রহমানের পৌঁছাতে দেরি হওয়ায় স্মৃতিসৌধের নিয়ম মেনে বিকালে তার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য