মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ণ

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা

১৫ ডিসেম্বর, ২০২৫ ১:৪০:৪৩

এবার গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে। তবে নির্বাচন কমিশন থেকে এখনো চাহিদাপত্র দেয়া হয়নি। চাহিদাপত্র পেলে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, দেশে নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশ ঠিক আছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন মোটামুটি আছে, সামনে আরও কঠোর হবে। প্রস্তুতিমূলক কাজগুলোও নির্বাচন কমিশন ভালোভাবেই করেছে।

দেশের ম্যাক্রো অর্থনীতি সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, তবে মাইক্রো লেভেলে কিছু ক্ষেত্রে এখনও দুর্বলতা আছে। তবে পৃথিবীর কোনো দেশেই সব সেক্টর ভালো চলে না, এটা সম্ভব নয়। ওসমান হাদীর চিকিৎসা ব্যয় নিয়ে বলেন, তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য টাকা পয়সা কোনো ব্যাপার নয়। যত টাকা দরকার হয়, অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেয়া হবে।

এর আগে রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আরও জানানো হয়, হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ড. ইউনূসকে জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD