প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

‘মেসি নাকি হৃত্বিক রোশন’, ভারতে ভাস্কর্য নিয়ে কলকাতাবাসীর ট্রল

১৩ ডিসেম্বর ২০২৫, ১:২৯:২১

আজ শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে আর্জেন্টাইন মহাতারকা মেসি পা রেখেছেন কলকাতায়। আর্জেন্টাইন মহাতারকাকে শহরটিতে স্বাগত জানাতে বিমানবন্দরে এবং শহরের রাস্তাজুড়ে উচ্ছ্বসিত ভক্তদের বিশাল ভিড় জমে ওঠে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিপুল সংখ্যক মানুষ এক ঝলক মেসিকে দেখার জন্য বিমানবন্দরে ভিড় করায় নিরাপত্তার স্বার্থে তাকে একটি বিকল্প পথ দিয়ে বিমানবন্দর থেকে বের করে আনা হয়।

এদিকে মেসি ভারতে এসেছেন তার বহুল আলোচিত গোট (GOAT – Greatest Of All Time) ট্যুরের অংশ হিসেবে। এই সফরে তিনি মোট চারটি শহর ঘুরবেন—কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি। এবার তার আগমন স্মরণীয় করে রাখতে ফুটবলপাগল শহর কলকাতায় নির্মাণ করা হয়েছে ৭০ ফুট উঁচু একটি ভাস্কর্য। শনিবার ভাস্কর্যটির উদ্বোধন হওয়ার কথা এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে মেসির অংশ নেওয়ার কথা রয়েছে।

তবে, উদ্বোধনের আগে সোশ্যাল মিডিয়ায় সেই ভাস্কর্যের ছবি ছড়িয়ে পড়তে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে, তবে নেতিবাচক কারণে। মেসির ভাস্কর্যের ছবি নিয়ে শুরু হয়েছে হাস্যরস, মিম আর অবিশ্বাসের বন্যা। অনেকেই প্রশ্ন তুলেছেন, আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ভাস্কর্যটির আদৌ কি কোনো মিল আছে? কেউ কেউ এই ভাস্কর্য দেখে দ্বিধায় ভুগছেন–এটি মেসি নাকি বলিউড হিরো হৃত্বিক রোশন? একজন এক্স ব্যবহারকারী সোজাসাপ্টা লিখেছেন, ‘কোন দিক থেকে দেখলে এটা মেসির মতো লাগে, আমি বুঝতেই পারছি না।’ আরেকজন তুলনা টেনেছেন কলকাতার ফুটবলার মেহতাব হোসেনের সঙ্গে, প্রশ্ন করেছেন, ‘এটা কার ভাস্কর্য?’ ভাস্কর্যের উচ্চতা নিয়েও বিদ্রুপের লক্ষ্য করা গেছে। একজন মন্তব্য করেছেন, ‘পৃথিবীর সবচেয়ে খাটো মানুষগুলোর একজনের মূর্তিই আবার কীভাবে সবচেয়ে উঁচু হয়?’

এরপর বিভিন্ন প্ল্যাটফর্মে চলতে থাকে রসিকতার বন্যা। যেখানে কলকাতার চলচ্চিত্রের তারকা ঋত্বিক চক্রবর্তীও। জনপ্রিয় এই তারকা ফেসবুকে লিখেছেন, ‘কলকাতায় একটা মেসি’র মূর্তি স্থাপিত হয়েছে ওটা হৃত্বিক রোশন স্বচক্ষে দেখলে খুব খুশি হবেন।’ ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া নীল-সাদা রঙের নির্দেশনার দিকে ইঙ্গিত করে একজন মেটা ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, ‘অবশেষে শহরটাকে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানোর একটা যুক্তি পাওয়া গেল।’ আরেকজন লিখেছেন, ‘মিশো থেকে মেসি অর্ডার করলে যেমন আসে।’ আর কেউ যোগ করেছেন, ‘মুখটা একটু বেশিই মেসি (messy) হয়ে গেছে।’

এদিকে একজন ফেসবুক ব্যবহারকারী তো দাবি করেই বসেছেন, ‘আমি তো ভেবেছিলাম ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছে হৃতিক রোশন।’ কলকাতার এক অদ্ভুত নাগরিক বিড়ম্বনায় পরিণত হয়েছে জনসমক্ষে স্থাপিত ভাস্কর্যগুলো। শহরের পার্ক আর ট্রাফিক আইল্যান্ডে ছড়িয়ে থাকা অনেক ভাস্কর্যই বেমানান, অনুপাতহীন, আর শ্রদ্ধার বদলে অনিচ্ছাকৃত ক্যারিকেচারের মতো দেখায়।

কোথাও মাথাহীন ফুটবলার, কোথাও গলিত মোমের মতো অঙ্গ-প্রত্যঙ্গ—এসব ভাস্কর্য দীর্ঘদিন ধরেই শহরবাসীর ঠাট্টার বিষয়। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আইকনও রেহাই পাননি। তার বেশ কয়েকটি ভাস্কর্য অদ্ভুত ভঙ্গি আর বিকৃত অভিব্যক্তির কারণে নিয়মিতই ভাইরাল মিমে পরিণত হয়। এই ‘ভুলভাবে তৈরি’ মেসির ভাস্কর্য নিয়ে সাম্প্রতিক হইচই কলকাতার জনশিল্পে ‘অনিচ্ছাকৃত কমেডি’র সুনামকেই আরও জোরালো করেছে। যা হওয়ার কথা ছিল ক্রীড়াপ্রেমীদের জন্য গর্বের মুহূর্ত, তা এখন যুক্ত হয়েছে শহরের রুচিহীন থেকে ভয়ংকর—এমন অসংখ্য খারাপ নকশার ভাস্কর্যের দীর্ঘ তালিকায়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য