জামায়াত আমিরের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যোগ দেননি বিএনপির কেউ
এবার জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে তৃতীয়বারের মত নির্বাচিত ডা. শফিকুর রহমানের শপথ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায়। রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা।
তবে আমন্ত্রণ পেয়েও এতে যোগ দেননি বিএনপির কোনো প্রতিনিধি। জামায়াত সূত্রে জানা গেছে, আমিরের শপথ অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমেদকে দাওয়াত দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার বিএনপি মহাসচিবের হাতে দাওয়াতপত্র পৌঁছে দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তবে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে দলটির কোনো প্রতিনিধি যোগ দেননি। এ বিষয়ে জামায়াতকে কিছু জানানোও হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মহিউদ্দীন রব্বানী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ও নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারী ও মহাসচিব মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং সাধারণ সম্পদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির ও লে. জে. (অব.) হাসান সোহরাওয়ার্দী, গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর ও উচ্চ পরিষদ সদস্য হাসান মামুন, খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ, বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইউসুফ আলী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান আলহাজ কারী মোঃ আবু তাহের প্রমুখ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য