৪০০ বছরের চাপ জমে আছে এক ফল্টে, ঝুঁকিতে যে দুই জেলা
বাংলাদেশের নিচে ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা—এই তিনটি টেকটোনিক প্লেটের ক্রমাগত নড়াচড়ার কারণে দেশের ভূতাত্ত্বিক কাঠামো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই নড়াচড়ার ফলেই ডাউকি, মধুপুর ও সিলেট লাইনমেন্টসহ বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইন তৈরি হয়েছে। ভূতাত্ত্বিকদের মতে, এসবের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পের সম্ভাব্য উৎস হলো মধুপুর ফল্ট।
গবেষকরা বলছে, মধুপুর ফল্টে প্রায় ৪০০ বছর ধরে চাপ জমে রয়েছে। এই চাপ হঠাৎ মুক্ত হলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮ পর্যন্ত হতে পারে। রাজধানী ঢাকা এই ফল্ট থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে হওয়ায় ঝুঁকি আরও বেশি। বিশেষজ্ঞদের ধারণা, মাত্র ৬.৯ মাত্রার ভূমিকম্প হলেও ঢাকার ৪০ থেকে ৬৫ শতাংশ ভবন ধসে পড়তে পারে।
২০০৭ সালে মধুপুর ফল্ট পর্যবেক্ষণের জন্য একটি সিসমোগ্রাফ স্থাপন করা হয়েছিল। তবে বর্তমানে সেই যন্ত্রের কোনো খোঁজ নেই, ফলে মধুপুর গড় ও আশপাশের ভূমিকম্পপ্রবণ এলাকার নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ব্যাহত হচ্ছে।
গত শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদী কেন্দ্রিক ভূমিকম্পে পুরো দেশ কেঁপে ওঠার পর মধুপুর এলাকায় আতঙ্ক আরও বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকার আগে থেকেই টাঙ্গাইলকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করলেও ভূমিকম্পের পূর্বাভাস জানা যায় না, যা তাদের অপ্রস্তুত রাখে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, সচেতনতা ও প্রস্তুতি বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, পরিকল্পিত নির্মাণ ও সঠিক তদারকি থাকলে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।
এমবিএসটিইউ-এর পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে মধুপুর অঞ্চলে ভূমিকম্পজনিত ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ বিষয়ে নতুন যন্ত্রপাতি আনার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, ২০১২ সালের এক ভূমিকম্পে মধুপুরের অরণখোলা ইউনিয়নের বোকারবাইদ গ্রামে প্রায় এক কিলোমিটারজুড়ে বড় ফাটল সৃষ্টি হয়েছিল। ফাটলের ব্যাস ছিল ৫–৬ ইঞ্চি এবং গভীরতা প্রায় ২৫–২৬ ফুট।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য