ব্যারিকেড ভেঙে এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
তিন দফা দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।
দাবি আদায়ে গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত কর্মসূচি আরও জোরদার করা হবে।
এদিকে, বুধবার দুপুরে জাতীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আর কিছুক্ষণের মধ্যেই শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করতে যাব।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য