সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১০ অপরাহ্ণ

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

৬ অক্টোবর, ২০২৫ ১০:০১:৩৯
ফাইল ছবি

দেশজুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টিপাতের দাপট। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৫ দিনও বৃষ্টিপাতের এমন প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপ আকারে বিহার ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় গুরুত্বহীন হয়ে পড়েছে। পাশাপাশি লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পরদিন মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এদিকে বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিনও সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে আগামী বৃহস্পতি ও শুক্রবার (৯-১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় (রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত) নীলফামারীর রাজারহাটে দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২০ মিলিমিটার ছাড়াও নীলফামারীর ডিমলায় ৮২, নওগাঁর বাদলগাছীতে ৬৭, নেত্রকোণায় ৬৫, কুষ্টিয়ার কুমারখালীতে ৬১, রংপুরে ৫৩, বগুড়ায় ৫২ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD