বংশালে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত
রাজধানীর বংশাল নাজিরাবাজার এলাকায় রাস্তায় জমা বৃষ্টির পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমিন (৩০) নামে এক বাইসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি বেকারী দোকানের কর্মচারী ছিলেন।
সোমবার (২২ সেপ্টম্বর) সকাল সোয়া ৯টার দিকে বংশাল নাজিরাবাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
পথচারী জিসান জানান, সকালে বাইবাইসাইকেল নিয়ে নাজিরাবাজার কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। হঠাৎ বাইসাইকেলসহ পানিতে পড়ে যান। দেখতে পেয়ে বাঁশ দিয়ে তাকে টেনে দূরে নিয়ে আসা হয়। এরপর পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
জিসান আরও জানান, ঘটনাস্থলে রাস্তার পাশে বিদ্যুতের খুটি আছে। রাতে বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। ধারণা করা হচ্ছে সেই খুটি থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল পানি।
মৃত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। বাবার নাম মো. বাদশা মিয়া। বর্তমানে তিনি হজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নাজিরাবাজার এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য