প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

এবার আইসিসির অভিযোগ অস্বীকার করল পিসিবি

২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৮:০৬

ছবি: সংগৃহীত

এবার এশিয়া কাপে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও পাকিস্তান দলের কর্মকর্তাদের বৈঠক ঘিরে প্রটোকল ভঙ্গের অভিযোগ তুলেছে আইসিসি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই অভিযোগ অস্বীকার করেছে। আজ শুক্রবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, দলের মিডিয়া ম্যানেজার নঈম গিলানির বৈঠকে উপস্থিত থাকা এবং মোবাইলে ভিডিও করা কোনো প্রটোকল ভঙ্গ নয়।

এর আগে বৃহস্পতিবার আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত ই-মেইলে পিসিবির বিরুদ্ধে ‘বহুবিধ প্রটোকল ভঙ্গের’ অভিযোগ আনেন। তিনি মূলত প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় পাকিস্তানের মিডিয়া ম্যানেজারের প্রবেশ এবং মোবাইলে বৈঠক ধারণ করা নিয়ে আপত্তি তোলেন। এছাড়া পিসিবির প্রকাশিত প্রেস রিলিজে পাইক্রফটকে ‘ক্ষমা চাওয়ার’ দাবি করা হয়েছিল, যা নিয়ে আইসিসি আপত্তি জানায়। আইসিসি স্পষ্ট করে বলেছে, পাইক্রফট ক্ষমা চাননি কেবল ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছিলেন।

আইসিসির অভিযোগের জবাবে পিসিবি জানায়, তাদের মিডিয়া ম্যানেজার দলের স্কোয়াডেরই অংশ। তাই তার প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়াতে প্রবেশাধিকার রয়েছে এবং এটি প্রটোকল ভঙ্গ নয়। তারা আরও জানায়, মিডিয়া ম্যানেজারদের ক্যামেরা ব্যবহারের অনুমতিও প্রটোকলে অন্তর্ভুক্ত।

ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন না করায় বিতর্কের সূত্রপাত হয়। এ নিয়ে পিসিবি অভিযোগ তোলে এবং ম্যাচ রেফারি পাইক্রফটকে সরানোর দাবি জানায়। আইসিসি অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করে। এসব অভিযোগ-পাল্টা অভিযোগের ফলে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচের আগেই পাকিস্তান দল নতুন করে বিতর্কে জড়িয়ে পড়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য