প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

মোদির জন্মদিনে বিশেষ উপহার পাঠালেন মেসি

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩:৪৫

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ৭৫ বছরে পা দিয়েছেন। তার জন্মদিন উপলক্ষে বিশেষ উপহার পাঠিয়েছেন লিওনেল মেসি। ভারতের রাষ্ট্রনেতার জন্য নিজের সই করা ২০২২ বিশ্বকাপের একটি জার্সি উপহার পাঠিয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। মেসির ভারত সফরের প্রচারক শতদ্রু দত্ত এই বিষয়টি জানিয়েছেন।

এক সাক্ষাৎকারে শতদ্রু দত্ত জানান, ‘নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে লিওনেল মেসি সই করা একটি জার্সি পাঠিয়েছেন। ও যখন ভারতে আসবেন, তখন ওর সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করানোর চেষ্টা করা হচ্ছে। ভারতীয় সমর্থকদের জন্য ও শুভেচ্ছা পাঠিয়েছেন এবং প্রথমবার নয়াদিল্লি ও মুম্বাইয়ে নিজের সমর্থকদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে ও খুবই খুশি।’

এই বছরেরই শেষের দিকে ভারতে আসছেন লিওনেল মেসি। ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তিন মেট্রো সিটি কলকাতা, নয়াদিল্লি ও মুম্বাইয়ে যাবেন ‘এলএম১০’। তার আগেই প্রধানমন্ত্রীর জন্য এই বিশেষ উপহার পাঠান তিনি। প্রতীকী জার্সিটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে দেয়া হবে বলে আশা করা হচ্ছে। শতদ্রু দত্ত আরও জানিয়েছেন, মেসির ভারত সফরের সময় মেসি এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে ব্যক্তিগত বৈঠকের আয়োজনের চেষ্টা চলছে।

এদিকে নভেম্বরেও মেসির ভারতের আসার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখ পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ভারতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনা দলের। সেই ম্যাচ দুইটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দল হবে তা এখনও নির্ধারিত হয়নি। তবে সেই ম্যাচ যে খেলা হবে, তা সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে আগেই। ফলে মাসখানেকের মধ্যে ভারতের ক্রীড়াপ্রেমীরা দুইবার মেসি-দর্শনের সুযোগ পেতে পারেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য