আইইউবিএটিতে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা ও স্মৃতিচারণাসভা
ছবি: সংগৃহীত
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত সংগ্রামীদের স্মরণে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। এতে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান।
স্মরণসভায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণামূলক বক্তব্য প্রদান করেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ওমর ফারুক, আইইউবিএটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জুননুরাইন ইসলাম সোহান, সদস্যসচিব মো. আকামিন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইসরাত জাহান নিহা, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল নোমান, এন এইচ আশিক, আশিকুজ্জামান শিকদার, তানভীর আহমেদ অনিক (যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আইইউবিএটি), দিপীত দাস এবং মুনতাসির আল মাহমুদ।
তারা ঐতিহাসিক এই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, সংগ্রামীদের আত্মত্যাগ এবং স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এ আন্দোলনের অবদান নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক, যা ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ ও অধিকার রক্ষার জন্য উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে আইইউবিএটির শিক্ষক, কর্মকর্তা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য