পুতিনকে নিয়ে ট্রাম্পের সমালোচনা, রেকর্ড ৭০০ ড্রোন দিয়ে হামলা চালালো রাশিয়া!
সংগৃহীত
এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেয়ার এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সরাসরি সমালোচনা করার পরপরই, রাশিয়া রাতারাতি রেকর্ড ৭২৮টি ড্রোন দিয়ে ইউক্রেনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনের বিমান বাহিনী দাবি জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ইউনিটগুলো ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমের মাধ্যমে প্রায় সব ড্রোন ধ্বংস করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের ওপর ক্রমবর্ধমান বিমান হামলার ধারাবাহিকতার পর এই ড্রোন হামলা রাশিয়ার যুদ্ধের অর্থায়নের জন্য ব্যবহৃত আয়ের উৎসগুলোর ওপর ‘কঠোর’ নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা দেখিয়েছে, যার মধ্যে রাশিয়ার তেল কেনার বিষয়টিও অন্তর্ভুক্ত।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) ট্রাম্প বলেন, তিনি সিনেটে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি বিলে সমর্থন দেয়ার কথা বিবেচনা করছেন, যার মধ্যে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য রফতানি পণ্য কিনবে এমন দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা অন্তর্ভুক্ত।
মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন আমাদের ওপর অনেক বাজে কথা বলেন… তিনি সবসময় খুব ভালো, কিন্তু তা অর্থহীন।’ পুতিনের বিরুদ্ধে তিনি কী ব্যবস্থা নেবেন, এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে বলব না। আমরা একটু চমক দিতে চাই।’ আলাদাভাবে, ইউরোপ মস্কোর বিরুদ্ধে একটি নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে কাজ করছে বলে জানিয়েছে রয়টার্স।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য