প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

শবে বরাতের দিনে কলিজায় কষ্ট দিয়ে দিলো: পরীমণি

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১৭:৫২

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। অন্যদিকে যে কোনো ইস্যুতে প্রতিবাদ করতেও ভোলেন না পরীমণি। এবার বেজায় চটেছেন এই নায়িকা। রবিবার (২৫ ফেব্রুয়ারি) ‍শুধু প্রতিবাদই করেননি। রীতিমতো ক্ষেপে বিস্ফোরক হয়ে নেটদুনিয়ায় ধরা দিলেন পরীমণি। তার সঙ্গে এমন কিছু ঘটেছে এর প্রতিবাদ করতে গিয়ে বেশ অগ্নিশর্মা হয়েছেন তিনি।

এদিন দুপুরে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন— ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক। শবেবরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।’

হঠাৎ কেন চটেছেন পরীমণি? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জাল বুনেছে নায়িকার ভক্তদের মনে। বিষয়টি জানতে পরীমণির মন্তব্যের ঘরে জানতে চাইলেও ভক্তদের কোনো জবাব দেননি তিনি। তবে পরীমণির স্ট্যাটাসে নির্মাতা চয়নিকা চৌধুরীর কমেন্ট থেকে বোঝা যাচ্ছে, বিষয়টি সম্পর্কে বেশ অবগত তিনি। নায়িকার মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘খুব দুঃখিত। ভয়ংকর ব্যাপার। এটা কোনো কথা নাকি? পরীমণি কি আর বলব! সব শুনে আমি স্তম্ভিত।’

স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণির দুনিয়া এখন তার একমাত্র সন্তান রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সব। বর্তমানে ছেলের দেখাশোনা একাই করছেন পরীমণি। পাশাপাশি কাজেও ফিরেছেন এই নায়িকা।

পরীমণির হাতে রয়েছে ‘ডোডোর গল্প’ নামের সিনেমার কাজ। এছাড়া ‘খেলা হবে’ শিরোনামের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। পরীমণি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘বুকিং’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য