প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

তামিমের সঙ্গে আলোচনায় বসবেন পাপন

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫:৩৯

তামিম ইকবালকে নিয়ে যেন আলোচনা শেষ হচ্ছে না। হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম পুনরায় অবসর ভেঙে ফিরলেও ছেড়ে দেন অধিনায়কত্ব। বিশ্বকাপ দলেও জায়গা হয়নি বাঁহাতি এই ওপেনারের। বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ। অভিজ্ঞ এই ক্রিকেটারের সঙ্গে তার পরিকল্পনা সম্পর্কে জানতে আবারও আলোচনায় বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

চলমান বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন তামিম। ধীরগতির ব্যাটিং করলেও মোটামুটি রান পাচ্ছেন তিনি। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে গত বছরের ডিসেম্বরে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আবারও আলোচনায় বসায় ইঙ্গিত দিয়েছেন বিসিবি বস। 

পাপন বলেন, ‘তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে। জালাল ভাই ও অন্যরা বসবে তামিমের সঙ্গে ঢাকায় আসার পর। উনারা বসার পর আমি নিজেও বসবো। আমার ধারণা এই বিপিএল চলাকালীনই সব সিদ্ধান্তগুলো জানতে পারব। এর আগে আসলে বলাটা মুশকিল।’
বিসিবি সভাপতি কথা বলেছেন শান্তকে অধিনায়ক করার ব্যাপারেও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে সাকিব আমাদের প্রথম পছন্দ ছিলো, এখনও আছে। যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত আর দেরি করতে চাইনি। বিশ্বকাপের যেহেতু খুব বেশি সময় বাকি নেই, দলটা যেন ধারাবাহিকভাবে চলতে পারে সেজন্য এই নামটা আমরা ঘোষণা করে দিয়েছি।’ 

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য